নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এর আগে গতকাল সন্ধ্যায় তরিকুল ইসলামকে তার নিজ বাড়ি ছিট ইটাখোলা শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কৃষক সিদ্দিক আলী হত্যা মামলার এজাহার নামীয় আসামি তরিকুল ইসলাম। ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাট বাজারে যাচ্ছিলেন কৃষক সিদ্দিক আলী। ওই সময় আসামি আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় বিএনপিনেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনকে এলোপাতাড়ি মারধর করে। তখন কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলীকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
মামলায় বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলী হত্যার মামলা করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় তার ছেলে মামলাটি করেন। সেই মামলায় তরিকুল ইসলাম এজাহার নামীয় আসামি।
এ বিষয়ে সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, গতকাল তরিকুল ইসলামকে কৃষক সিদ্দিক হত্যা মামলায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।