বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র পাঁচ মাসেই বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে দেশবাসীকে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে সরকারের নানা সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের সুফলও পেতে শুরু করেছেন সাধারণ মানুষ।
আজ রোববার (২ আগস্ট) দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএমডিএ চেয়ারম্যান।
পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিন। পরে তিনি চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন চারা রোপণ করেন।
সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে হাসান জাফির তুহিন বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বর্তমান সরকার দেশজুড়ে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসন ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’
২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল এই মহাযজ্ঞ সফল করার আহ্বান জানিয়ে বিএমডিএ চেয়ারম্যান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এই কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি প্রান্তে প্রান্তিক পর্যায় পর্যন্ত ব্যাপক গাছ লাগাতে হবে।’
বিএমডিএ প্রধান আরও বলেন, ‘দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, গাছগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অতীতে দেখা গেছে, যত্ন ও তদারকির অভাবে রোপণ করা অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ সফলতা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে বিএমডিএ পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুননাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমাম বানিন এবং চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ এতে অংশ নেন।