তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জুলাই শহীদ ও তাদের পরিবারের ত্যাগের জন্য আজকের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের আত্মত্যাগের জন্যই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি দুই বছর ধরে জুলাই শহীদদের পাশে আছে, আজীবন বিএনপি জুলাই শহীদদের পাশেই থাকবে। তাদের পরিবারের পাশে থাকবে। তাদের পরিবারকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করবেন।
গতকাল বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প এলাকায় জুলাই শহীদদের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনের সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাত আলী প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা দেশকে এগিয়ে নিতে চাই বলেই জনগণকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করি। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। আন্দোলন করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন তারই সুফল বয়ে এনেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করি। আমরা তাদের পাশে আছি, আজীবন তাদের পাশে থাকব। জুলাই শহীদদের স্মরণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যেই সীমিত থাকবে না। আমার নিজ নির্বাচনি এলাকাসহ জুলাই শহীদদের নামে সব উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়ক স্থাপন করা হবে।