সিরাজগঞ্জের কাজীপুরে অপহরণের একদিন পর স্কুলছাত্র শিপন মিয়াকে (১০) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ করার অভিযোগে ওই স্কুলছাত্রের ফুফা মোতালেব প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
অপহৃত শিপন মিয়া কাজীপুর উপজেলা ভানুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ও ভানুডাংগা গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। আসামি মোতালেব প্রামানিক শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের মৃত ময়দান প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, মোতালেব সম্পর্কে অপহৃত স্কুলছাত্রের ফুপা হয়। সম্প্রতি মোতালেবের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব স্ত্রীকে ফিরে পেতে স্কুলছাত্র শিপন মিয়াকে অপহরণ করেন বলে জানান।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শিপন মিয়াকে অপহরণ করে নিয়ে যান মোতালেব। এ ঘটনায় স্কুলছাত্রের মা বিউটি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। গত সোমবার রাতে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিপন মিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, আসামি মোতালেবকে আজ মঙ্গলবার আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।