কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ আগস্ট) দিনগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের এ ঘটনা ঘটে।
এ সংক্রান্ত একটি ভিডিওক্লিপ আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অগ্নিসংযোগের সময় স্লোগান দিতেও শোনা যায়।
তারা বলতে থাকেন, আমরা এই জুলাই মানি না, কখনও মানব না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশা আল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।
এ ঘটনা জানাজানি হলে আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।