সাভারের একটি বাড়িতে বিস্ফোরক নিয়ে সন্ত্রাসী তৎপরতা চলছে–এমন অভিযোগে পুলিশের বিশেষায়িত দলের সদস্যরা বাড়িটিতে অভিযান চালিয়ে পাঁচটি বোমাসহ একজনকে আটক করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
সাইফুল আলম বলেন, বিস্ফোরক নিয়ে দেশে নাশকতার পরিকল্পনা চলছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।
নাশকতাকারী সন্দেহে আরিফ হোসেনকে (২৮) আটক করা হয় এবং বাড়িতে অভিযান চালিয়ে ককটেল, হাতবোমা তৈরির উপাদান জব্দ করা হয়।
নাম প্রকাশ অনিচ্ছুক জাতীয় নিরাপত্তা গোয়েন্দার একজন সদস্য জানান, আটক ব্যক্তিকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। সাভারের ওই বাড়িটিতে বিস্ফোরক দিয়ে বোমা তৈরির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছিল বলেও জানান তিনি।
এ ব্যাপারে সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।