তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে কারখানার ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের বন্দরনগরী ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ‘হাবাস’ ইস্পাত কারখানায় স্থানীয় সময় দুপুরে (গ্রিনিচ মান সময় সকাল ৯টায়) এই বিস্ফোরণ ঘটে। এ সময় অন্তত আটজন শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছিলেন।

দুর্ঘটনাস্থল থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, ইজমিরের উত্তরে আলিয়াগায় অবস্থিত ‘হাবাস দেমির চেলিক’ প্ল্যান্টের একটি উঁচু কাঠামোর ভেতর থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার বিশাল কুন্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।

ইজমিরের গভর্নরের ভাষ্যমতে, তরল ইস্পাত ঢালাই প্রক্রিয়ায় ব্যবহৃত একটি বড় শিল্প চুল্লির ওপর ওভারহেড ক্রেন ভেঙে পড়ার কারণে এই বিস্ফোরণ ঘটে।

তড়িৎ-জ্বালানি চালিত একটি বড় ইস্পাত তৈরির চুল্লির কথা উল্লেখ করে গভর্নর এলবান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘হাবাস লোহা ও ইস্পাত কারখানায় যখন বয়লার পরিবর্তনের কাজ চলছিল, তখন ওভারহেড ক্রেনটি খসে পড়ে এবং চুল্লির ওপর আছড়ে পড়ে। এর ফলে পেছনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ ঘটে।’

সুলেমান এলবান আরও বলেন, ‘বিস্ফোরণের ফলে দুর্ভাগ্যবশত আমাদের ১০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন… এবং বিস্ফোরণের ফলে পড়ে যাওয়া উপকরণের নিচে আটকা পড়েছেন আরও আটজন। আহত ১৫ জন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।’

দেনিজ উলকার নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি তাঁর কাছে একটি ভূমিকম্পের মতো মনে হয়েছিল।

আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে উলকার বলেন, ‘আমি যখন রাস্তার ধারের কারখানাটির দিকে তাকাই, তখন ঘন কালো ধোঁয়া বের হতে দেখি। যেখান দিয়ে চিমনি ছিল, ঠিক সেখানেই আগুন ধরে যায়।’

কারখানার একজন ট্রাকচালক তুরান ইলবাও আনাদোলু এজেন্সিকে একই অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘মনে হচ্ছিল যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে।’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ইজমিরের মেয়র সেমিল তুগায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া প্ল্যাটফর্মটি অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই কারখানার শ্রমিক। তিনি জানান, ধ্বংসস্তূপ সরানোর পরেই কেবল হতাহতের সঠিক সংখ্যা স্পষ্ট হবে।

এদিকে, তুরস্কের অন্যতম বৃহৎ বেসরকারি ইস্পাত উৎপাদক শিল্প গোষ্ঠী ‘হাবাস’-এ নিরাপত্তা সংক্রান্ত নেতিবাচক রেকর্ড রয়েছে বলে অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠনগুলো।

এএফপির একজন সাংবাদিক যোগাযোগ করলেও হাবাস কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

সোমবারের এই বিস্ফোরণের আগে ‘এভ্রেনসেল’ দৈনিকের তথ্যমতে, গত এক দশকে সেখানে কাজ করার সময় কমপক্ষে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

মার্ক্সবাদী দল ‘ওয়ার্কার্স পার্টি অফ টার্কি’ সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে হাবাস কারখানায় শ্রমিকদের প্রাণহানির এটি তৃতীয় ঘটনা। এর আগে গত ২১ অক্টোবর একটি সিঁড়ি থেকে আট মিটার নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং অন্য এক ঘটনায় নির্মাণ যন্ত্রের চাকার বাতাস দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে অপর এক শ্রমিকের মৃত্যু হয়।

আহতদের যে হাসপাতালে নেওয়া হয়েছে, তার বাইরে কর্মপরিবেশের নিরাপত্তা নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করার সময় বামপন্থি ‘ইজিয়ান ওয়ার্কার্স কালেক্টিভ’-এর দুই প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটির এক মুখপাত্র জানিয়েছেন।

সংগঠনটি জানায়, একই ধরণের প্রতিকূল পরিবেশই এসব মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে। গত ১০ বছরে প্রাণ হারানো ১১ জন শ্রমিকের মধ্যে পাঁচজন ছিলেন চুক্তির ভিত্তিতে নিয়োজিত এবং দুজন ছিলেন প্রশিক্ষণার্থী।

সংগঠনটি আরও উল্লেখ করে, বছরের পর বছর ধরে শ্রমিক মৃত্যুর সাথে জড়িত থাকার পরেও হাবাস এ পর্যন্ত কোনো কঠোর বা সতর্কতামূলক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *