ধর্ষণ ও যৌন নিপীড়ন : অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এ রায় ঘোষণা করে। খবর আল জাজিরার।

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে গত সপ্তাহে রাসেল ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করা হয়।

ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব রাসেল ব্র্যান্ড তার বিতর্কিত স্ট্যান্ড-আপ কমেডি এবং মাদক ও অ্যালকোহলের সঙ্গে সম্পৃক্ততার জন্য পরিচিত। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তার সঙ্গে ওই নারীদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক ছিল।

তবে আটজন পুরুষ ও চারজন নারীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড গত বৃহস্পতিবার রাসেল ব্র্যান্ডকে ছয় অভিযোগকারীর মধ্যে চারজনের সঙ্গে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে। তাকে অবশ্য ধর্ষণের দুটি এবং অশালীন আচরণের চেষ্টার একটি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার শুনানির সময় ভুক্তভোগীরা তাদের ওপর চালানো নির্যাতনের ফলে সৃষ্ট মানসিক ট্রমার কথা তুলে ধরে জোরালো বক্তব্য দেন।

‘যৌন শিকারী’  

রায় ঘোষণার শুনানিতে বিচারক জোয়েল বেননাথান বলেন, রাসেল ব্র্যান্ড একজন ‘যৌন শিকারী’ ​​ছিলেন। তিনি মনে করতেন, ‘বিখ্যাত হওয়ার অর্থ হলো—আপনি যা খুশি তা-ই করতে পারেন, যখন খুশি করতে পারেন; ভদ্র মানুষেরা যে নিয়ম মেনে চলেন, তার কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই।’

বিচারক বেননাথান আরও বলেন, রাসেল ব্র্যান্ড নারীদের প্রতি ‘উদাসীন, উদ্ধত ও অবজ্ঞাপূর্ণ’ আচরণ করেছেন।

বিচারক আরও বলেন, রাসেল ব্র্যান্ড আপনি প্রায় ২০ বছর আগে খ্যাতি অর্জন করছিলেন। আপনি বুদ্ধিমান ছিলেন। অনেকের চোখে আপনি ছিলেন মজার ও আকর্ষণীয় মানুষ। কিন্তু একই সঙ্গে আপনি একজন যৌন শিকারীও হয়ে উঠেছিলেন।

৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড বিচারের সময় নিজেকে একজন নতুন ধর্মানুরাগী খ্রিস্টান হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। শুনানির সময় তাকে আবেগহীন দেখা গেছে। রাসেল ব্র্যান্ড বরাবরই জোর দিয়ে বলেছেন, তিনি কখনোই কারও ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেননি।

রাসেল ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার বলেন, রাসেল আজ একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ এবং দীর্ঘ সময় ধরেই তিনি এমনটি আছেন। তিনি এখন মাদক ও অ্যালকোহলের আসক্তি থেকে পুরোপুরি মুক্ত হয়েছেন বলেও আইনজীবী জানান।

২০০৯ সালে রাসেল ব্র্যান্ডের কাছে ধর্ষণের শিকার হওয়া এক নারীর বিবৃতি প্রসিকিউটররা আদালতে পড়ে শোনান। বিবৃতিতে ভুক্তভোগী নারী বলেন, সেই নির্যাতনের ট্রমা এমন একটি বিষয়, যা আমি প্রতিদিন বহন করি। প্রায়শই মনে হয়, এর কোনো শেষ নেই।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি কথিত ধর্ষণের অভিযোগের তদন্ত চলছে—যার একটির শিকার ছিলেন তৎকালীন ১৬ বছর বয়সী এক কিশোরী। পুলিশের প্রধান শুক্রবার বলেছেন, এ ধরনের অভিযোগ নিয়ে যদি আরও অনেকে আসেন, তবে আমি অবাক হব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *