ফাইনাল স্পেনে না হলে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি

২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে অনুষ্ঠিত হলে বিশ্বকাপের যৌথ আয়োজক থেকে নাম সরিয়ে নেবে স্পেন। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিরোধী দল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে আগামী ২০৩০ বিশ্বকাপ। তবে ফাইনালের ভেন্যু নিয়ে তিন দেশের মধ্যে চলছে প্রতিযোগিতা।

ফেইহোর দাবি— বিশ্বকাপের ফাইনাল অবশ্যই স্পেনে হতে হবে। অন্যথায় স্পেনের আয়োজক হিসেবে থাকার প্রয়োজন নেই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও ফাইনাল স্পেনে আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে, মরক্কোর ফুটবল ফেডারেশন সভাপতি ফৌজি লেকজা দাবি করেছেন ফাইনাল হতে পারে কাসাব্লাঙ্কায়। এস্পানিওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে পিপি ক্ষমতায় এলে এবং ফিফা ফাইনাল মরক্কোকে বরাদ্দ দিলে স্পেনকে আয়োজক হিসেবে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে দলটি।

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’তে ফেইহো বলেন, স্পেনেরই বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা উচিত। তা না হলে তার মতে, বিশ্বকাপ আয়োজনে স্পেনের অংশ নেওয়া উচিত নয়।

পিপির দাবি, স্পেন ও পর্তুগাল প্রথমে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল। পরে এর সঙ্গে যুক্ত হয় মরক্কো। তাই ফাইনাল স্পেনে আয়োজন করাকে তারা ন্যায্য বলে মনে করছে।

উল্লেখ্য, ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন গ্র্যান্ড স্টেডিয়াম হাসান দ্বিতীয়কে বিবেচনায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *