সাভারে পুলিশের অভিযানকালে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে থানা ছাত্রদলের সহসভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশী (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। স্বজন ও জেলা ছাত্রদলের নেতারা মনোয়ারের মৃত্যুর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকার সরকারি কর্মচারী কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী মুহম্মদ জাফর আলীর ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, রাতে সাভার মডেল থানা ও রংপুরের পীরগাছা থানা পুলিশের একটি যৌথ দল মনোয়ার হোসেন যে ভবনে থাকেন, সেখানে তল্লাশি চালায়। একপর্যায়ে এক পুলিশ সদস্য দৌড়ে ছাদে গেলে কিছুক্ষণ পর নিচে কিছু পড়ার শব্দ হয়। পরে সেখানে মনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার পরপরই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মরদেহ উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনোয়ারকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রংপুরের পীরগাছা থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার আসামি ছিলেন মনোয়ার। পীরগাছা থানা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে যৌথ অভিযানে গেলে আসামি ছাদ থেকে লাফ দেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
এদিকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার অবিলম্বে মনোয়ার হোসেন বকশি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।