গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে একটি আটা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় সুরাইয়া (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দিনগত ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া (২৬) নিজরা গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিনের স্ত্রী। তারা দুর্ঘটনাস্থলের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের লোকজন জানায়, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আটা বোঝাই একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাট থেকে গোপালগঞ্জ যাওয়ার সময় সদর উপজেলার মালেঙ্গা নামের এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের কবির মোল্লার টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পালিয়ে যান ট্রাকটির চালক ও হেলপার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটার বস্তা সরিয়ে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।