সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার নলাম এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহমেদুল কবির বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের দুটি এবং ডিইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। তবে কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের জোন প্রধান উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, দীর্ঘ চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষা করতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএটিবিসি কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে গত বছরের জুলাইয়ে রাজধানীর মহাখালী থেকে কারখানাটি আশুলিয়ার নতুন চত্বরে স্থানান্তর করে।