সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় ছয় ঘণ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ম্যানেজার ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা কামালকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজশাহী থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় পৌঁছালে এর একটি বগির (ঝ) চাকা খুলে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিক যাত্রীরা ট্রেনটির শিকল টেনে গতি থামালে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
যাত্রী আরিফা খাতুন বলেন, আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম। ট্রেনটি ঝাঐল ওভারব্রিজ এলাকা থেকে সমস্যা দেখা দেয়। ট্রেনের যাত্রীরা শিকল টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করে। ট্রেনটি মনসুর আলী স্টেশন এলাকা অতিক্রম করার সময় চাকা খুলে যায়। এ সময় ট্রেনটি থেমে গেলে দ্রুত নেমে পড়ি।