নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা ও হাতের কব্জি কাটা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার (৩ আগস্ট) সকালে শহরের ইসলামবাগ চিনি মসজিদ সংলগ্ন রেলওয়ে কারখানার নিরাপত্তাপ্রাচীর ঘেঁষা রেললাইনের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আহত হৃদয় ইসলাম শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে তারা দেখতে পান হৃদয়ের গলা কাটা এবং হাতের কব্জিতে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব বলেন, ধারালো কোনো অস্ত্র দিয়ে তার গলা ও হাতের কব্জিতে গভীর জখম করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, দুর্বৃত্তরা এক যুবককে গলাকাটা ও হাতের কব্জিতে জখম করা অবস্থায় রেললাইনের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাটির মূল কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।