কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ দুলু মিয়া (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম চৌদ্দঘুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের অপর দুই সদস্য সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, উপজেলার চর নারায়ণপুরের চৌদ্দঘুড়ির দুর্গম যোগাযোগ ব্যবস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল দুলু মিয়া, জাকির আলীও হানিফ মিয়া। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কচাকাটা থানা পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। এরপর তাদের হাতেনাতে ধরতে পুলিশের একটি দল জেলের ছদ্মবেশ ধরে সারাদিন নদীতে অবস্থান নেয়। দিনভর পর্যবেক্ষণ শেষে রাতে অভিযান চালিয়ে দুলু মিয়াকে আটক এবং তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী হানিফ ও জাকির পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতা ও দুর্গম ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে চর নারায়ণপুর এলাকাটিকে মাদক চোরাচালানের রুটে পরিণত করার চেষ্টা করা হচ্ছিল। তবে অপরাধীদের এটা ভাবার কোনো সুযোগ নেই যে, দুর্গম চর কোনো মুক্ত জনপদ বা মাদকের নিরাপদ সাম্রাজ্য। সীমান্ত এলাকার মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও উপস্থিতি আরও জোরদার করা হবে।