কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে ঘটা এই অলৌকিক ও বিরল ঘটনার খবর শনিবার (১ আগস্ট) জানাজানি হলে পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অলৌকিক এই দৃশ্য এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক মানুষের ভিড় জমায় কবরস্থানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রমজান আলীর স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে পারিবারিক কবরস্থানে স্বামী রমজান আলীর কবরের পাশেই স্ত্রীর কবর খোঁড়ার কাজ শুরু করেন স্থানীয় কবর খননকারীরা। মাটি কাটার একপর্যায়ে ২৪ বছর আগে দাফন করা রমজান আলীর কাফনে মোড়ানো মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পাওয়ার কথা জানান তারা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই দশক আগে মারা যাওয়া রমজান আলী জীবদ্দশায় অত্যন্ত ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং হাটে চাল-আটার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনাস্থল পরিদর্শন করে উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি কবরের ভেতরে গিয়ে অক্ষত মরদেহ দেখতে পান। পরবর্তীতে মরদেহটি যে অবস্থায় ছিল সেভাবেই রেখে তার পাশে স্ত্রীর দাফন সম্পন্ন করার পরামর্শ দেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারওয়ার আকবর বলেন, পরিবেশ, মাটির গুণাগুণ কিংবা ব্যাকটেরিয়ার অনুপস্থিতির ওপর ভিত্তি করে অনেক সময় মরদেহ অক্ষত থাকতে পারে, তবে ময়নাতদন্ত ছাড়া নির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয়।