বিমানবন্দরে ভারতীয় যাত্রীর কাছ থেকে পাওয়া গেল কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় এক যাত্রীর আন্ডারওয়্যারে থেকে কোটি টাকার স্বর্ণ পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আজ শনিবার (১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের এক প্রচেষ্টা নস্যাৎ করেছে সিআইআইডি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আজ সকাল ৬টা ৫৮ মিনেটে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ন. জি৯-৫২৬ এ আগত ভারতীয় যাত্রী থামিম আনসারি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির একটি দল তাকে শনাক্ত করে। দেহ তল্লাশি চালিয়ে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ পাওয়া যায়।

প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন পাওয়া গেছে ৪৫৫ গ্রাম। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলার কার্যক্রম চলছে।

সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *