৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, কত আয় করতে পারবে?

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেট—ভারতীয় সিনেমার ইতিহাসে এমন বিশাল বিনিয়োগের নজির খুব বেশি নেই। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ তাই মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। পরিবেশনা ও সংগীতস্বত্ব থেকে ইতোমধ্যে কয়েক শ কোটি রুপির চুক্তি হলেও প্রশ্ন এখন একটাই—প্রেক্ষাগৃহ থেকে কত আয় করলে এই বিশাল বাজেটের ‘রামায়ণ’ বাণিজ্যিক সাফল্যের মুখ দেখবে?

তবে মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক মাস আগেই সিনেমাটির ভারতীয় পরিবেশনা ও সংগীতস্বত্ব মিলিয়ে অন্তত ৩২৫ কোটি রুপির চুক্তি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৩০ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বড় চুক্তিটি হয়েছে ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি পরিবেশনের স্বত্ব নিয়ে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনস প্রায় ২৫০ কোটি রুপিতে ‘রামায়ণ’-এর ভারতীয় পরিবেশনা স্বত্ব পেয়েছে বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ৩৩০ কোটি টাকা। চুক্তিটি প্রথম পর্বের ভারতজুড়ে প্রেক্ষাগৃহে পরিবেশনের জন্য করা হয়েছে।

এরপর সিনেমাটির দুই পর্বের সংগীতস্বত্ব নিয়ে হয়েছে আরও বড় চুক্তি। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৫ কোটি রুপির বিনিময়ে সংগীতস্বত্ব পেয়েছে ভারতের অন্যতম বড় সংগীত প্রতিষ্ঠান টি-সিরিজ। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। দুই পর্বের সব ভাষার সংগীত এই চুক্তির আওতায় রয়েছে বলে খবর। এর আগে স্বত্বটি পেতে সনি মিউজিক প্রায় ৭০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল বলেও প্রতিবেদন প্রকাশিত হয়।

অর্থাৎ ভারতীয় পরিবেশনা ও সংগীতস্বত্বের এই দুই চুক্তি মিলিয়ে মুক্তির আগেই ‘রামায়ণ’-এর বাণিজ্যিক লেনদেন দাঁড়াচ্ছে প্রায় ৩২৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩০ কোটি টাকা। তবে এই হিসাবের মধ্যে সম্ভাব্য ডিজিটাল স্বত্বের মূল্য ধরা হয়নি।

কারণ এর আগে ‘রামায়ণ’-এর ডিজিটাল স্বত্ব থেকে প্রায় ১ হাজার কোটি রুপি পাওয়ার লক্ষ্যের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৩২০ কোটি টাকা। তবে এটি এখনো চূড়ান্ত বিক্রির অঙ্ক নয়; তাই মোট প্রাক-মুক্তি ব্যবসার হিসাবের সঙ্গে এই অর্থ যোগ করা ঠিক হবে না।

এদিকে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার ক্ষেত্রেও বড় অংশীদার যুক্ত হয়েছে। বিদেশের বাজারে প্রথম পর্বটি পরিবেশনের দায়িত্বে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স। 

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’-এর দুই পর্ব—ভারতীয় মুদ্রায় ৪ হাজার কোটি, বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৩০০ কোটি। ফলে এত বড় বাজেটের সিনেমার মুক্তির আগেই শত শত কোটি রুপির চুক্তি হওয়াকে নির্মাতাদের জন্য বড় আর্থিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। 

নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওলসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান ও হ্যান্স জিমার।

‘রামায়ণ’-এর প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *