ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরিশা জান্নাত। সে পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অসুস্থ আরিশা জান্নাতকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য তার মা ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা হন। পথে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে এক ব্যক্তি বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলছিলেন। এ সময় হাতিটি শুঁড় উঁচু করে অটোরিকশার দিকে এগিয়ে এলে তার সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় মায়ের সঙ্গে থাকা শিশু আরিশা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) আটক করে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার পর মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক হাতিটিকে বনবিভাগে হস্তান্তরের প্রস্তুতি চলছে।