কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগনেতা রেনু মিয়াকে ৯ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন দুপুর দুইটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর তিনি হাতকড়াসহ পালিয়ে যান। আসামি রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকার বাসিন্দা এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় আসামি রেনু মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হলে ভিড়ের সুযোগে পরিবারের সদস্যদের সহায়তায় হাতকড়াসহ কৌশলে পালিয়ে যান তিনি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনার পর তার নেতৃত্বে পরিচালিত অভিযানে রেনু মিয়াকে নিজ এলাকা থেকেই পুনরায় গ্রেপ্তার করা হয়। হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা।