ডিবি পরিচয়ে যুবককে অপহরণ ও অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, মারধর ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

ভুক্তভোগী নয়ন মিয়া বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াদহ এলাকার দবির হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন- গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়ার বাসিন্দা মাহাবুর রহমান (৫২), আলীপুরের বাসিন্দা দিলীপ চন্দ্র দাস (৪০) ও জরিপপুরের বাসিন্দা লুটু মিয়া (৫৫)।

অভিযোগ সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নয়ন মিয়া জরিপপুর আসার পথে অভিযুক্তরা তার পথরোধ করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে ফুলপুকুরিয়া বাজারের কাছে একটি কলার জমিতে ও মাহাবুরের দোকানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। জিম্মিকারীরা নিজেকে জয়পুরহাট ডিবি পুলিশ পরিচয় দিয়ে নয়নের শ্বশুরের কাছে মাদকসহ আটকের নাটক সাজিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে নয়নের স্বজনেরা ৩০ হাজার টাকা নিয়ে ফুলপুকুরিয়া বাজারে গেলে মাহাবুর, দিলীপ ও লুটুসহ অজ্ঞাত ৮-১০ জন ব্যক্তি তাদের ওপর লাঠি ও রড দিয়ে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় নয়ন ও আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী নয়ন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, অভিযুক্তরা একটি সুসংগঠিত গ্যাং পরিচালনা করে আসছে। তারা নির্জন স্থানে তরুণ-তরুণীদের ব্ল্যাকমেইল করা এবং পকেটে মাদক ঢুকিয়ে পুলিশ সেজে অর্থ আদায় করে থাকে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *