স্মার্টফোনের কিস্তির টাকার জন্য বাবার হাতে ছেলে খুন!

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কিস্তির টাকার জন্য জন্মদাতা বাবা লুৎফর রহমান ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২২) শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। ছেলেকে শ্বাসরোধে হত্যার পর লাশের ওপর তোশক চাপিয়ে, ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া মহল্লায়।

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পৌর শহরের সাগরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তালা ভেঙে নাইমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, নিহত নাইমের বাড়ি নীলফামারীতে হলেও বাবার সঙ্গে শহরে সাগরপাড়া মহল্লায় ভাড়ার বাসায় থাকতেন। সম্প্রতি কিস্তিতে একটি স্মার্টফোন কিনেছিলেন তিনি। গত ২৯ জুলাই বুধবার সেই ফোনের কিস্তির টাকা শোধ করা নিয়ে বাবা লুৎফর রহমানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাইমকে মারধরও করেন বাবা।

প্রতিবেশীদের অভিযোগ, সেই জেরে গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ছেলে নাইমকে শ্বাসরোধে হত্যা করেন বাবা লুৎফর রহমান। এরপর ঘরের বাইরে তালা দিয়ে এলাকা ছেড়ে পালান। দুপুরে ঘর তালাবদ্ধ দেখে সন্দেহ হওয়ায় সদর থানায় খবর দেয় তারা। পরে পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকে নাইমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিক তদন্তে মোটামুটি ধারণা করা হচ্ছে যে, স্মার্টফোনের কিস্তির টাকা ও পারিবারিক কলহের জেরেই লুৎফর রহমান হয়তো তার ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। অভিযুক্ত বাবা লুৎফরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎমা বানু খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *