স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) কমিটির সভাপতি স্পীকার হাফিজ উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে অংশ নেন কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চীফ হুইপ নাহিদ ইসলাম 

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ সালের ৪র্থ) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়।

সরকারি ছুটির (শুক্র ও শনিবার) দিন ব‍্যতীত প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পীকারকে প্রদান করা হয়।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য সরকারি বিল ১টি পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের পূর্ব পর্যন্ত ৩টি অধ্যাদেশ: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ জারি হয়েছে যা অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপিত হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্যান্য মন্ত্রীদের জন্য ৩৫৭৭টি প্রশ্নসহ মোট ৩৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাব (বিধি-১৩১) এ ২৮১টি নোটিশ পাওয়া গিয়েছে ।

বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপান মুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। 

প্রধানমন্ত্রী সাউন্ড সিস্টেম বিষয়ে চলমান অগ্রগতি বিষয়ে জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া আগামীকাল বিকাল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে বলে জানান। 

জাতীয় সংসদে সৌরবিদ্যুত প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি জানান, সৌর বিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদুৎ উৎপাদন করা সম্ভব হবে যা অধিবেশন চলাকালীন (প্রায় ৬ মেগাওয়াট, অন‍্য সময় আরো কম) বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। 

প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা প্রদান করেন। ডেপুটি স্পীকার ই-পার্লামেন্ট ও জাতীয় সংসদে শুন‍্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করেন।

বৈঠকে সাচিবিক সহযোগিতা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *