ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা। এ সময় পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে দপদপিয়ার পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সিরাজ মোল্লাকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে আসামির তিন ভাই ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জোরপূর্বক ওই ছাত্রলীগনেতাকে ছিনিয়ে নেয় তারা। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করে। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়া আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সকাল থেকে অভিযান চালিয়ে দুপুরে দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে আটক করে। থানায় নিয়ে আসার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সিরাজের ভাইয়েরা পুলিশের পিকআপে হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় পুলিশ সদস্যরাও আহত হন। সিরাজকে আটকের জন্য ফের জোরদার অভিযান চালানো হচ্ছে।