সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর আলজাজিরার।

আজ শনিবার (২৫ জুলাই) সিরিয়ার দেইর এজ-জর এবং রাজধানী দামেস্কের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানীর সাথে যুক্ত করেছে। জানা গেছে, আল-সুখনা এবং পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।

রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) তথ্য অনুযায়ী, আহতদের চিকিৎসাসেবার জন্য হোমস এলাকার সামরিক হাসপাতালে দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার বেসামরিক অবকাঠামোর জরাজীর্ণ অবস্থার কথা বিবেচনা করলে, এই মহাসড়কটি অত্যন্ত দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, দেশটিতে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, এই ধরনের দুর্ঘটনাগুলো সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *