রাজধানীর কোতয়ালি থানাধীন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। ঘটনার পর পরই উপস্থিত জনতা ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজনকে আটক করেন। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক দুজন ও মোটরসাইকেলটি আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিরা হলো–সুকুমার হালদার (২৫) ও ফয়সাল (২৫)।