সিঁথির ‘বসন্তের কোকিল’

চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক গানে হাজির হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত ‘বসন্তের কোকিল’ গানটি মুক্তির প্রথম দিনেই দর্শকদের নজর কেড়েছে। একই সঙ্গে মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর উপস্থিতিও আলোচনায় এসেছে।

অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি প্রথম ২৪ ঘণ্টাতেই ৮১ হাজারের বেশি ভিউ পেয়েছে। অল্প সময়ের মধ্যেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে।

‘বসন্তের কোকিল’-এর কথা লিখেছেন রণক রায়হান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে কাজ করেছেন তিনি।

নতুন গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নতুন গান তৈরি ও প্রকাশের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। সেই ভাবনা থেকেই আমরা ধারাবাহিকভাবে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছি। ‘বসন্তের কোকিল’ সেই উদ্যোগেরই একটি অংশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *