সাব্বির হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কলিমুল্লাহ

রাজধানীর উত্তরা পশ্চিম থানার মুস্তাঈন বিল্লাহ সাব্বিরকে হত্যাচেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ আসামি কলিমুল্লাহকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম মুস্তাঈন বিল্লা সাব্বির অংশ নেন। ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণি রোড এলাকায় অবস্থানকালে আসামিরা মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্র-জনতার উপর অতর্কিতভাবে গুলি চালায়। এসময় একটি গুলি বাদীর বাম হাতের কনুইয়ের মাঝখানে লেগে বিপরীত পাশে বের হয়ে যায় এবং গুরুতর জখম প্রাপ্ত হয়। এ সময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়। উপস্থিত লোকজন বাদীকে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ভর্তি করায়। ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে উত্তর পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।

২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *