রংপুরের পীরগঞ্জ উপজেলায় সরকারি ঘর ও গবাদিপশু সহায়তা হিসেবে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খ্রিস্টান সম্প্রদায়ের নেতা লিটন মার্ক লাকড়ার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক চারটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে ভুক্তভোগীরা টাকা ফেরতসহ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের নেতা লিটন মার্ক লাকড়া সরকারি ঘর ও গরু দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে কয়েকজন অসহায় ব্যক্তির কাছ থেকে টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত কোনো সরকারি সুবিধা মেলেনি। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগকারী মিস্ত্রি হেমরম বলেন, ‘সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। টাকাটা আমি এনজিও থেকে লোন নিয়ে তাকে দিয়েছি। অনেক দিন কেটে গেছে, কিন্তু ঘরও পাইনি, টাকাও ফেরত পাইনি। এখন টাকা চাইলে শুধু আজ-কাল বলে ঘুরানো হচ্ছে। আমি আমার টাকা ফেরত এবং তার বিচার চাই।’
অপর অভিযোগকারী দীপালী রানী পাহান বলেন, ‘আমি সিসিটিভি এনজিও থেকে ১০ হাজার টাকা লোন করে টাকা দিয়েছি। সরকারি সুবিধা দেওয়ার কথা বললেও কোনো সুবিধা আমি পাইনি। এখন টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হচ্ছে।’
অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেছেন, অভিযুক্তের কথায় বিশ্বাস করে তারা টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সরকারি সহায়তা না পাওয়ায় তারা এখন প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন। অভিযোগগুলো গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত লিটন মার্ক লাকড়া টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,আমি তাদের টাকা দ্রুতই ফেরত দেওয়ার চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷