একটি শটগানসহ দুটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ভোরে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে বাবরকে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, গ্রেপ্তার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।
ওসি শামসুল আলম শাহ্ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলের বাম পাশের বাঁধা একটি বস্তায় তল্লাশি চালিয়ে একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ৫ আগস্টের লুট হওয়া পুলিশের অস্ত্র কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানান ডিবির ওসি।
আজ বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষ করে বাবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।