সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব!

চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা দেখানোর সুযোগ খুব বেশি পাননি তিনি। চোটের কারণে সীমিত সময় মাঠে থাকার পর এবার সমালোচনার মুখে পড়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তবে নীরব থাকেননি নেইমার, ইনস্টাগ্রামে কড়া বার্তা দিয়ে জবাব দিয়েছেন সমালোচকদের।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নেইমার লেখেন, ‘আমি শুধু আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি কি অনুশীলন করতে পারি, নাকি আপনারা এভাবেই আমাকে বিরক্ত করতে থাকবেন? আপনারা নিজেদের কাজ নিয়ে থাকেন না কেন?’

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। এর প্রভাব পড়েছে তার মাঠের পারফরম্যান্সেও। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্রাজিলের হয়ে প্রত্যাশামতো বেশি সময় খেলতে পারেননি তিনি। সীমিত সুযোগ পেলেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই আক্রমণভাগের তারকা।

বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নেইমার। সেলেসাওদের সাবেক তারকা রোনালদো নাজারিও বলেছেন, অবসর নিয়ে এখনই সিদ্ধান্ত না নিতে।

জাতীয় দলকে নিয়ে দোলাচল থাকলেও ক্লাবের ফুটবরের ব্যস্ততা শুরু হচ্ছে নেইমারের। যেকারণে নিজের ফিটনেস ও পারফরম্যান্স উন্নত করতে অনুশীলনে মনোযোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

ব্রাজিলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন নেইমার। তবে চোটের কারণে সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছেন তিনি। অনুশীলনে মনোযোগ দিয়ে আবারও মাঠে নিজের সেরা রূপে ফিরতে চান এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *