সন্ধ্যায় নয়, মধ্যরাতে মঞ্চে উঠবেন সঞ্জয় দেব

বিশ্বকাপ ফাইনালের শেষ রাত। রাজধানীজুড়ে উৎসবের আমেজ, আর সেই উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত নাম সঞ্জয় দেব। সন্ধ্যা থেকেই যাঁরা তাঁর পারফরম্যান্সের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য এসেছে নতুন ঘোষণা। নির্ধারিত সময় পরিবর্তন করে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টায় নয়—সঞ্জয় দেব মঞ্চে উঠবেন রাত ১১টা ৩০ মিনিটে।

সঞ্জয় দেব

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। হালনাগাদ সময়সূচি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। তাঁর আগে দর্শকদের মাতিয়ে রাখবেন ডিজে জুডু।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা লড়াই উপভোগের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স ও নানা বিনোদনের আয়োজন। সঞ্জয় দেব জানিয়েছেন, তাঁর এক ঘণ্টার পরিবেশনায় থাকবে ফিফার অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘সির সির’-সহ জনপ্রিয় কয়েকটি ট্র্যাক।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো এই শিল্পী এবার দেশের মাটিতে প্রথমবারের মতো বড় আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন। তাই মধ্যরাতের এই আয়োজন ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *