জাতীয় সংসদে বিরোধী দল সুন্দর সুন্দর কথা বললেও বাইরে তারা একাত্তরের স্বাধীনতারবিরোধী রূপ ধারণ করে রাজনীতিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে তীব্র সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সমাবেশে অংশগ্রহণ করেন।
বিরোধী দলের বর্তমান লংমার্চের কঠোর সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, যারা আজ গ্যাস ও বিদ্যুতের দোহাই দিয়ে লংমার্চ করছেন, তাদের এই আন্দোলন রাজনৈতিকভাবে কতটুকু যুক্তিযুক্ত তা দেশবাসী বোঝে। বিরোধী দলের নেতা শফিকুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংসদে তারা এক রূপ দেখায় আর বাইরে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অশালীন স্লোগান দিয়ে উসকানি দেয়। এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও পাটওয়ারী সাহেবদের মতো নেতাদের উসকানিমূলক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যকে বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব সরাসরি মদদ দিয়ে রাজনীতিতে কুরুচিপূর্ণ সংস্কৃতি প্রতিষ্ঠা করছে বলে তিনি অভিযোগ তোলেন।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সাময়িক সংকট নিয়ে খোলামেলা আলোচনা করে এ্যানি চৌধুরী বলেন, গত আওয়ামী সরকারের রেখে যাওয়া এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করা হয়েছে। তুষের আগুনের মতো ভেতরে সংকট জ্বললেও রাতারাতি ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সময় দিলে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করবে।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু এবং জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতারা ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।