হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায়। এতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে।
দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮ এর যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দল সিগারেটগুলো জব্দ করে ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে। জব্দকৃত সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। পণ্যটির মোট করভার বা টিটিআই ৬২১ দশমিক ৬৩ শতাংশ। এ ঘটনায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।