রাফিনিয়ার পরিবর্তে কাকে খেলাবেন আনচেলত্তি

স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ব্রাজিলের। তবে গ্রুপসেরা হওয়ার দৌঁড়ে টিকে থাকতে চাইলে জয়ের বিকল্প নেই। যদিও ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মরক্কো-হাইতি ম্যাচের সমীকরণ নয়, তার পুরো মনোযোগ নিজেদের পারফরম্যান্সে।

আনচেলত্তি বলেন, ‘আমরা মরক্কোর ম্যাচ নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের ম্যাচটা ভালোভাবে খেলা। হাইতির বিপক্ষে যেসব ভুল করেছি, সেগুলো শুধরে আরও উন্নতি করতে চাই। স্কটল্যান্ড খুব গোছানো একটি দল এবং তাদের সামনেও ভালো অবস্থানে যাওয়ার সুযোগ আছে।’

আনচেলত্তির বিশ্বাস, এই বিশ্বকাপে ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দ খুঁজে পাচ্ছে ব্রাজিল। হাইতির বিপক্ষে প্রথমার্ধে দলের পারফরম্যান্সকে আদর্শ হিসেবে দেখছেন তিনি।

ব্রাজিল কোচ আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছিলাম, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বলের গতি বাড়াতে হবে, পাসিংয়ে আরও নিখুঁত হতে হবে এবং ভুল কমাতে হবে। অনুশীলনে ছেলেরা প্রতিদিন উন্নতি করছে। আমার বিশ্বাস, সামনের ম্যাচগুলোতে আমরা আরও ভালো খেলব।’

এদিকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রাফিনিয়ার বিকল্প। তবে এ নিয়ে নিজের পরিকল্পনা প্রকাশ করেননি আনচেলত্তি। বরং আক্রমণভাগে একাধিক বিকল্প রয়েছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়ার জায়গায় কে খেলবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে। কারও হলুদ কার্ড আছে কি না, সেটা মাথায় রেখে দল নির্বাচন করব না। আমরা সেরা দল নিয়েই মাঠে নামতে চাই।’

তবে সম্ভাব্য বিকল্প হিসেবে তরুণ রায়ানের প্রশংসা করতে ভুল করেননি ব্রাজিল কোচ। আনচেলত্তির ভাষায়, ‘রাফিনিয়ার জায়গায় নেমে রায়ান বেশ ভালো খেলেছে। এই পজিশনে তার মানিয়ে নেওয়ার ভালো সম্ভাবনা আছে। আমাদের স্কোয়াডে আরও কয়েকজন খেলোয়াড় রয়েছে, তবে উইং ব্যবহার করতে চাইলে রায়ান খুব কার্যকর হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *