বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনো শেষ হয়নি। এর আগেই নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ নিয়ে শুরু হয়ে গেছে জোর আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ, ‘সি’ গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থানের ওপরই নির্ভর করছে নকআউট পর্বে সেলেসাওদের সম্ভাব্য পথচিত্র।
গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার আজ (২৪ জুন) স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে তারা। ড্র করলে রানার্সআপ হওয়ার সম্ভাবনা থাকবে, আর হারলে তৃতীয় স্থানেও নেমে যেতে পারে। তিনটি অবস্থানের প্রতিটিই ব্রাজিলের সামনে খুলে দিতে পারে ভিন্ন ভিন্ন নকআউট সমীকরণ।
গ্রুপ চ্যাম্পিয়ন হলে যে সমীকরণ
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পারলে রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ‘এফ’ গ্রুপের রানার্সআপ। সেই দৌড়ে রয়েছে জাপান ও সুইডেন।
প্রথম নকআউট বাধা পেরোতে পারলে শেষ ষোলোয় অপেক্ষা করতে পারে নরওয়ে কিংবা আইভরি কোস্ট। বর্তমান পরিস্থিতিতে নরওয়ের সম্ভাবনাই বেশি।
তবে আসল পরীক্ষার মুখোমুখি হতে পারে কোয়ার্টার-ফাইনালে। ১০ জুলাইয়ের সম্ভাব্য লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে জার্মানি, দক্ষিণ কোরিয়া কিংবা সুইজারল্যান্ড। বর্তমান সমীকরণে জার্মানির কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে বিশ্বকাপের নকআউট মঞ্চে আবারও দেখা হতে পারে ব্রাজিল ও জার্মানির।
সেমি-ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করতে পারে স্পেন, পর্তুগাল, ঘানা কিংবা যুক্তরাষ্ট্র। সব বাধা পেরোতে পারলে ২০ জুলাই নিউইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
গ্রুপে রানার্সআপ হলে যে সমীকরণ
গ্রুপে দ্বিতীয় হলে ব্রাজিলের পথ অনেক কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রাউন্ড অব ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
নকআউটের শুরুতেই এমন শক্তিশালী প্রতিপক্ষ পাওয়াটা যে কোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ। সেই বাধা অতিক্রম করতে পারলে শেষ ষোলোয় মরক্কো কিংবা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে পারে ব্রাজিল।
কোয়ার্টার-ফাইনালে অপেক্ষা করতে পারে আরও কঠিন পরীক্ষা। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স ও জার্মানি। দুই দলের যেকোনো একটিকে হারিয়েই সেমি-ফাইনালে যেতে হবে সেলেসাওদের।
এরপর সেমি-ফাইনালে প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড কিংবা ফ্রান্স। ফলে রানার্সআপ হিসেবে নকআউটে উঠলে শুরু থেকেই কঠিন পথ পাড়ি দিতে হতে পারে ব্রাজিলকে।
গ্রুপে তৃতীয় হলেও সুযোগ
৪৮ দলের বিশ্বকাপে সেরা তৃতীয় দলগুলোর জন্যও নকআউটের দরজা খোলা। ব্রাজিল যদি তৃতীয় স্থানে শেষ করেও সেরা আট তৃতীয় দলের একটি হতে পারে, তাহলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ভর করবে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর। সে ক্ষেত্রে রাউন্ড অব ৩২-এ মেক্সিকো কিংবা নেদারল্যান্ডসের মুখোমুখি হতে পারে তারা।
শেষ ষোলোয় অপেক্ষা করতে পারে আরও বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম ও স্পেন।
কোয়ার্টার-ফাইনালে উঠতে পারলে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারে আর্জেন্টিনা অথবা ফ্রান্স। আর সেমি-ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড কিংবা পর্তুগাল।
কাগজে-কলমে হিসাব করলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথটিই ব্রাজিলের জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। যদিও কোয়ার্টার-ফাইনালে জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবু নকআউটের শুরুটা তুলনামূলক সহজ হতে পারে।
অন্যদিকে, রানার্সআপ বা তৃতীয় হয়ে নকআউটে উঠলে শুরু থেকেই নেদারল্যান্ডস, ফ্রান্স, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার মতো পরাশক্তিদের বিপক্ষে খেলতে হতে পারে ব্রাজিলকে।