অভিনয়ের পর এবার কি রাজনীতির ময়দানে নামবেন দক্ষিণী তারকা ধনুশ? সম্প্রতি তাঁর একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
একটি রক্তদান শিবিরে অংশ নিয়ে ধনুশ মানুষের ঐক্য, সামাজিক দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য কাজ করা প্রয়োজন।
ধনুশের এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনেকেই মনে করছেন, তাঁর কথা বলার ধরন ও মানুষের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ ভবিষ্যতে রাজনৈতিক পথচলার ইঙ্গিত হতে পারে।
এর আগে দক্ষিণী অভিনেতা বিজয় রাজনীতিতে প্রবেশের পর ধনুশকেও ঘিরে এমন আলোচনা শুরু হয়েছে। তাঁর বাবা চলচ্চিত্র নির্মাতা কস্তুরী রাজাও একসময় ছেলের রাজনীতিতে আসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বলে খবর প্রকাশ হয়েছিল।
তবে এখন পর্যন্ত রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ধনুশ। ফলে তাঁর এই সামাজিক কর্মকাণ্ড শুধুই জনকল্যাণমূলক উদ্যোগ, নাকি ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনার অংশ—তা সময়ই বলবে।
এসএন/পিডিকে