একসময় অডিশনে শুনতে হয়েছিল, তিনি নাকি ‘অতিরিক্ত সুন্দর’। সেই কারণেই একটি চরিত্র থেকে বাদও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু প্রত্যাখ্যানকে শক্তিতে পরিণত করে আজ বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কৃতি সেনন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও গড়েছেন সফল ক্যারিয়ার। আজ তাঁর জন্মদিন।
ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরির সুযোগ পেয়েছিলেন কৃতি। তবে নিরাপদ ভবিষ্যতের সেই পথ ছেড়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পাড়ি জমান। শুরুতে বিজ্ঞাপনে কাজ করার পর ২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘বরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘দিলওয়ালে’ ও ‘মিমি’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করেন।
‘মিমি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন কৃতি। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ত্বকের পরিচর্যার ব্র্যান্ড ‘হাইফেন’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ফিটনেস–পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান ‘দ্য ট্রাইব’-এর সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ থেকে ১০০ কোটি রুপি। সংগ্রাম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরেই আজ তিনি বলিউডের প্রথম সারির তারকাদের একজন।
এসএন/পিডিকে