রাজধানীর মিরপুর-১০ এর গোলচত্বরে রাকিব হোসেনকে (২৯) হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
গত ১৩ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মমিনুল ইসলাম।
অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকার সাবেক গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য (এমপি) মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস মোল্লা, মহানগর আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি, এখলাস উদ্দিন মোল্লা ও সাবেক কাউন্সিলর কাসেম মোল্লা।
অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক এমপি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি কামরুল আরেফিন, পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরিফ, আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. লোকমান হোসেন ও গার্মেন্টস ব্যবসায়ী ইলিয়াস আহমেদ তালুকদার।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই আন্দোলনে অংশ নেন রাকিব হোসেন। ওইদিন রাত ৯টার দিকে আন্দোলনকারীদের একটি মিছিল মিরপুর-১০ এর গোলচত্বরে পৌঁছলে আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এ সময় অজ্ঞাত আসামির ছোড়া বুলেটে রাকিব হোসেন (২৯) গলার বাম পাশে গুলিবিদ্ধ হন। সেখানে উপস্থিত লোকজন তাকে নিকটস্থ ড. আজমল হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাত ৯টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ছেলের মৃত্যু সংবাদ পেয়ে মামলার বাদী মো. আবু বক্কর সিদ্দিক্ক ঝিনাইদহ থেকে ঢাকায় আসেন এবং রাতেই মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঝিনাইদহের উদ্দেশে রওনা করেন। তৎকালীন সরকারের দমন-পীড়ন ও ভীতিকর পরিস্থিতির কারণে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পরদিন ২০ জুলাই ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার বাসুদেবপুর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন আবু বক্কর।