যেভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

হামজা চৌধুরী-শমিত সোমদের নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল এখন বাংলাদেশ। লক্ষ্য এবার আরও বড়। এশিয়া ছেড়ে বাংলাদেশ এখন ইউরোপ সফরে। সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপ সফর শুরু করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার (৫ জুন) সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

সান মারিনোর বিপক্ষে এই ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে হাইপ্রোফাইল কোচ টমাস ডুলির অধীনে নতুনভাবে শুরু করবে বাংলাদেশ। নানা জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশের ডাগআউট সামলানোর দায়িত্ব পেয়েছেন এই মার্কিন কোচ।

প্রথম ম্যাচেই অ্যাসিড টেস্ট ডুলির সামনে। লড়তে হচ্ছে ইউরোপের কোনো দেশের বিপক্ষে। এর আগে দলকে পরখ করে নেওয়ার জন্য খুব বেশি সময়ও পাননি তিনি। তবুও নিজের ফুটবল ট্যাকটিস দিয়ে মধুর শুরু করতে চান ডুলি।

ফিফা র‌্যাংকিংয়ে অবশ্য সান মারিনোর চেয়ে ৩০ ধাপ এগিয়ে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ আছে ১৮১ নম্বরে। আর সান মারিনো র‌্যাংকিংয়ের একবারে তলানিতে ২১১ নম্বরে। দুই দলের র‌্যাংকিংয়ের এই পার্থক্যই প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের নতুন কোচ ডুলি।

এক সংবাদ সম্মেলনে ডুলি বলেছিলেন, ‘আমি খেলোয়াড়দের যা বলেছি তা হলো, সান মারিনো র‍্যাংকিংয়ে সবার নিচে। তাই, ওই ম্যাচে আমাদের হারার কোনো সুযোগ নেই। এটাই সেই চাপ, যা আমরা খেলোয়াড়দের দিচ্ছি। আমাদের দেখাতে হবে তাদের এবং আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। তারা কেন সবার শেষে এবং আমরা কেন নই, সেটা আমাদের প্রমাণ করতে হবে।’

র‌্যাংকিংয়ে দুই দলের পার্থক্য থাকলেও সান মারিনো নিয়মিতই ইউরোপের বড় বড় দলগুলো বিপক্ষে খেলে। বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বিপক্ষে তো এক মিনিটেরও কম সময়ে গোল করার রেকর্ড আছে সান মারিনোর। সেসব আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই এগিয়ে রাখবে স্বাগতিকদের। একই সঙ্গে খেলা তাদের ঘরের মাটিতে হওয়ায় বাড়তি আত্মবিশ্বাসও কাজ করবে সান মারিনোর।

অন্যদিকে, বাংলাদেশের ফুটবলারদের মধ্যেও নতুনের কেতন উড়ানোর স্বপ্ন তাড়া করবে। হামজা চৌধুরী-শমিত সোমরা চাইবেন ইউরোপ যাত্রার শুরুটা স্মরণীয় করে রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *