গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছিল, বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন পেস বোলিং কোচ শন টেইট। আলোচনা ছিল, ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি। এবার সেই গুঞ্জনই সত্যি হলো।
আজ বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। তার জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তালহা জুবায়ের।
গত বছর বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। তবে পরিবারকে সময় দেওয়ার কথা জানিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন টেইট। বিসিবি জানিয়েছে, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা, প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, এবং পুরো আলোচনা প্রক্রিয়ায় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
জাতীয় দলের নিজের সতীর্থদের নিয়ে টেইট বলেন, ‘পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাত্মক সাফল্য কামনা করি।’