যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।
টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, হামলাকারীও ঘটনাস্থলেই নিহত হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। নিহতদের স্বজনদের খবর দেওয়ার কাজ চলায় কর্তৃপক্ষ এখনই বিস্তারিত প্রকাশ করছে না। খবর আল জাজিরার।
হিকস বলেন, আমাদের বিশ্বাস, এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। ঘটনাস্থলটি ছিল অত্যন্ত বিশৃঙ্খল।
প্রত্যক্ষদর্শী লেন কোহেন জানান, তিনি রেস্তোরাঁর কাছের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি দেখেন, একটি এআর ধরনের রাইফেল হাতে একজন ব্যক্তি ড্রাইভ-থ্রু এলাকা থেকে বেরিয়ে আসে। পরে আরেক ব্যক্তি পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
কোহেন আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাকর্মীরা পৌঁছান।
শহরের মুখপাত্র জশ পালমার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলায় একজনই জড়িত ছিল। তবে অন্য কেউ সম্পৃক্ত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ ঘটনায় আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন।