ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উপলক্ষে রাজধানীতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এ কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল এলায়েন্স।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা অংশ নেবেন। অংশগ্রহণকারী শিল্পী ও ব্যান্ডের মধ্যে রয়েছেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ কনসার্টে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।