মানসিক বিকারগ্রস্ত ছেলের মারধরে নিজ বাড়িতে মারা গেছেন মা বিউটি বেগম (৫৭)। বাবা আলী মাতুব্বরও গুরুতর আহত হন। এ ঘটনায় ছেলে করিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত বিউটি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শিরখাড়া গ্রামের আলী মাতুব্বরের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মানসিক বিকারগ্রস্ত ছেলে করিম মাতুব্বর শনিবার রাতে মায়ের কাছে ভাত চাইলে তিনি রুমের দরজার নিচ দিয়ে প্লেটে করে ভাত দেন। এতে ক্ষিপ্ত হয়ে গালাগাল করে দরজার নিচ দিয়ে তার মায়ের হাত টেনে ধরেন তিনি। এর একপর্যায়ে বিউটি বেগম দরজার সঙ্গে মাথায় আঘাত পান। পরে রুমের ভেতরে গেলে ছেলের ধাক্কায় দেয়ালের সঙ্গে ধাক্বা লেগে মাথার পেছনে আঘাত পান। এতে মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার বাবাও আহত হন।
এ বিষয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। করিম মাতুব্বর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তিনি বিভিন্ন সময় তার মা-বাবাকে মারধর করতেন।