বিয়ে করেছেন নীহা!

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের সম্পর্কের খবর আগেই প্রকাশ্যে এসেছিল। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে একজনের সঙ্গে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে কি না, তা নিয়ে এত দিন কিছু বলেননি অভিনেত্রী।

এবার সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন তিনি। একটিতে দেখা যায়, কাবার সামনে এক ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে আছেন। অন্য ছবিতে কাবাকে পেছনে রেখে দুজনকে হাত ধরে থাকতে দেখা যায়। তবে কোনো ছবিতেই ওই ব্যক্তির মুখ দেখা যায়নি।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

পোস্টের শেষে তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

অভিনেত্রীর এই বক্তব্যে তাঁর বিয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। তবে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তাঁর পরিচয় প্রকাশ করেননি নীহা। আগে থেকেই এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। এ বিষয়ে অবশ্য কখনো প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী।

বিয়ের বিষয়ে নিশ্চিত হতে নীহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তাঁর সাড়া পাওয়া যায়নি। এদিকে তাঁর পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *