বিপৎসীমার ১৩ সে.মি ওপরে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবার ফুলে-ফেঁপে উঠেছে। আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় পাওয়া তথ্যানুযায়ী, সেখানে নদীর পানির সমতল ৫২ দশমিক ২৮ মিটার রেকর্ড করা হয়- যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) চেয়ে ১৩ সেন্টিমিটার ওপরে। এর আগে সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হতে দেখা যায়।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বসতি ও নিম্নাঞ্চল সয়লাব হওয়ায় নদীতীরবর্তী মানুষের মাঝে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল থেকেই নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে রাতের দিকে উজানের চাপ কমলে পানি কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নদীতীরবর্তী নিচু এলাকার বাসিন্দারা নদীভাঙন ও বন্যার ভয়ে সতর্ক অবস্থানে রয়েছেন এবং স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *