বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আ.লীগ : টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া করে গেছে আওয়ামী লীগ। আমরা ঋণের বোঝা নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছি।

আজ মঙ্গলবার (২৬ মে) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালন করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বলেন, ‘আজ আমি হিসাব করেছিলাম। হাসিনা সরকার কত টাকা ঋণ করে গেছে। হিসাব করে দেখি তার সরকার দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ১৫০ কোটি টাকা ঋণ রেখে গেছে। এখন দেশের প্রতিটি মানুষের কাঁধে ১৫০ কোটি টাকা ঋণের বোঝা। এটি হলো ২০ কোটি মানুষের হিসাব। আর যদি দেশের মানুষ ১৮ কোটি হয়, তাহলের ঋণের পরিমাণ আরও বেশি হবে। ঋণের বোঝা ৩০ লাখ কোটি টাকা।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা ক্ষমতায় এসেছি তিন মাস হলো। এখনও হিসাব-নিকাশ নিতে পারিনি। তোমরা অস্থির হয়ে যাও কী হলো, কী হলো, কী পেলাম? আমরা খাইটা মরছি, কীভাবে একটা লাইনে আসব আর তোমরা কী হলো, কী পেলাম। কী পেলাম এজন্য আমরা ক্ষমতায় আসিনি। আমরা দায়িত্ব নিয়েছি, আওয়ামী লীগের কাছ থেকে মুক্তি পেয়ে দেশের মানুষকে নতুন কিছু দেখানোর জন্য। এখন যদি আমরাও আওয়ামী লীগের মতো খাই খাই, ঘাই ঘাই করি, আবার যদি আওয়ামী লীগের মতো ৩০ লাখ কোটি টাকা ঋণ হয় তাহলে হয়তো দেশ থাকবে কিন্তু দেশ চলবে না। সুতরাং দলটাকে সুসংগঠিত করো। মজবুত করো। মানুষের কাছে যাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *