‘বিগ বস’ মানেই সালমান খান। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে তাঁর জনপ্রিয়তা যেমন তুঙ্গে, তেমনি প্রতি মৌসুমে তাঁর পারিশ্রমিক নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। এবার ‘বিগ বস’-এর নতুন মৌসুম শুরুর আগেই সালমানের পারিশ্রমিক নিয়ে সামনে এসেছে বড় অঙ্কের খবর।
ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’ ও ‘মানিকন্ট্রোল’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস ২০’-এর পুরো মৌসুমের জন্য সালমান খান প্রায় ১২০ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭০ কোটি টাকার কাছাকাছি। তবে এই অঙ্ক এখনো সালমান বা অনুষ্ঠানের নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
‘মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, আগের মৌসুমগুলোর তুলনায় এবার সালমানের পারিশ্রমিকের অঙ্কে কিছুটা পরিবর্তন এসেছে। অন্যদিকে ‘মানিকন্ট্রোল’-এর প্রতিবেদনেও নতুন মৌসুমের জন্য তাঁর প্রায় ১২০ কোটি রুপি পাওয়ার খবর উল্লেখ করা হয়েছে।
সালমানের ‘বিগ বস’যাত্রা অবশ্য বেশ পুরোনো। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিযোগীদের সঙ্গে তাঁর খুনসুটি, বকাঝকা কিংবা সপ্তাহ শেষে তাঁদের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য—সব মিলিয়ে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন এই বলিউড তারকা।
আগের মৌসুমেও সালমানের পারিশ্রমিক নিয়ে কম আলোচনা হয়নি। বিভিন্ন সময়ে তাঁর পারিশ্রমিক নিয়ে নানা অঙ্কের খবর প্রকাশিত হয়েছে। তবে নতুন মৌসুমে ১২০ কোটি রুপির যে অঙ্কটি সামনে এসেছে, সেটিই এখন সবচেয়ে বেশি আলোচনায়।
‘বিগ বস ২০’ নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। নতুন প্রতিযোগী, তাঁদের নানা কাণ্ড আর সালমানের সঞ্চালনা—সব মিলিয়ে নতুন মৌসুমে আবারও জমজমাট আয়োজনের অপেক্ষায় দর্শকরা।তবে সালমানের পারিশ্রমিকের চূড়ান্ত অঙ্ক কত, তা জানতে আরও অপেক্ষা করতে হবে। কারণ সংবাদমাধ্যমে ১২০ কোটি রুপির খবর প্রকাশিত হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি অনুষ্ঠান কর্তৃপক্ষ কিংবা সালমান খান।