অক্ষয়ের নায়িকা হচ্ছেন কলকাতার রুক্মিণী?

বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে এবার বলিউডে বড় সুযোগের পথে রুক্মিণী মৈত্র। সব ঠিক থাকলে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে পর্দায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। অক্ষয়ের নতুন সিনেমা ‘সামুক’-এ গুরুত্বপূর্ণ নারী চরিত্রের জন্য রুক্মিণীর সঙ্গে নির্মাতাদের কথাবার্তা চলছে বলে খবর।

রুক্মিণী অবশ্য বলিউডে একেবারে নতুন নন। ২০২১ সালের ‘সনক’ সিনেমায় বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে অভিনয় করে হিন্দি সিনেমায় পা রাখেন তিনি। তবে সেই সিনেমা থেকে প্রত্যাশিত পরিচিতি পাননি এই বাঙালি অভিনেত্রী। এবার অক্ষয় কুমারের মতো বড় তারকার সঙ্গে কাজের সুযোগ এলে সেটি রুক্মিণীর ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন অনেকে। 

বর্তমানে মুম্বাইয়েই থাকছেন রুক্মিণী। এর মধ্যেই অক্ষয়ের ‘সামুক’-এ তাঁর অভিনয়ের খবর সামনে এসেছে। জানা গেছে, সিনেমাটির জন্য এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন নির্মাতারা, যাঁর অভিনয়ে আবেগের পাশাপাশি পর্দায় আলাদা উপস্থিতিও থাকবে। রুক্মিণীর আগের কাজ দেখে তাঁকে পছন্দ করেছেন নির্মাতারা বলে জানা যাচ্ছে। 

‘সামুক’ পরিচালনা করছেন কনিষ্ক বর্মা। সিনেমাটি তৈরি হচ্ছে বিজ্ঞান কল্পকাহিনি, অ্যাকশন ও টানটান বেঁচে থাকার লড়াইকে ঘিরে। অক্ষয়কে কেন্দ্র করেই তৈরি হচ্ছে সিনেমাটি। এরই মধ্যে যুক্তরাজ্যে শুটিং শুরু হয়েছে। বড় পরিসরে তৈরি এই সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

এই সিনেমার আরেকটি আকর্ষণ অক্ষয় কুমার ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহের পুনর্মিলন। দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা। এর আগে ‘আঁখেঁ’, ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’, ‘নমস্তে লন্ডন’, ‘অ্যাকশন রিপ্লে’ ও ‘হলিডে’-র মতো সিনেমায় তাঁদের দেখা গেছে একসঙ্গে।

সবচেয়ে বড় চমক অবশ্য রুক্মিণীকে ঘিরেই। বাংলা সিনেমায় নিজের জায়গা তৈরি করার পর এবার যদি সত্যিই অক্ষয়ের বিপরীতে তাঁকে দেখা যায়, তাহলে সেটি হবে তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগ। তবে এখনো নির্মাতাদের পক্ষ থেকে রুক্মিণীর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে অক্ষয়-রুক্মিণীর জুটি দেখার জন্য ভক্তদের আপাতত অপেক্ষাই করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *