বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জামালপুরে পেছন থেকে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাহ হোসেন (৫০) মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিল। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত রবিন চৌধুরী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরহদ গ্রামে।

আহত রবিন চৌধুরী জানান, পেছন থেকে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনায় অটোরিকশায় থাকা চালকসহ ছয়জন আহত হন। আমাকে ও গুরুত্বর আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। পরে ওই দুজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, আমার চাচা বিদেশে ছিলেন। তিনি ময়মনসিংহে তার বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাজনের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *